হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মাওলানা মুনির আব্বাস নাজাফী জুমার খুতবাই বলেন, হে মুসল্লিগণ! আমরা এখন আইয়েমে ফাতিমিয়ার দিনগুলোতে আছি। এই দিনগুলো সেই মহান নারীর শোকের দিন, যাঁকে স্বয়ং রাসূল (সা.) বলেছেন: ফাতিমা আমার অংশ; যে তাকে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল।
তিনি বলেন, আজকের খুতবায় আমরা সংক্ষেপে সেই ঘটনাপ্রবাহ স্মরণ করব, যা রাসূল (সা.)-এর ওফাতের পর সংঘটিত হয়েছিল এবং যার পরিণতিতে ফাতিমা জাহরা (সা.আ.) শাহাদাত বরণ করেন। আর আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব: কেন আজ পর্যন্ত তার বিচার হয়নি?
প্রথমত: রাসূল (সা.)-এর ওফাত ও সাকিফার ঘটনা
মাওলানা বলেন, রাসূল (সা.)-এর পবিত্র দেহ তখনও সমাহিত হয়নি, এমন সময় সাকিফায় খিলাফতের প্রশ্নে একটি দল একত্রিত হয় এবং আবু বকরকে খলিফা হিসেবে নির্বাচিত করে। হযরত আলী (আ.) এবং আহলে বাইতের অপর সদস্যরা তখন রাসূলের দাফন-কাফনে ব্যস্ত ছিলেন। এই অবস্থায় আমীরুল মুমিনীন (আ.)-এর কাছ থেকে বাইয়াত আদায়ের জন্য একটি সশস্ত্র দল তার ঘরে হানা দেয়।
দ্বিতীয়ত: ঘরে হামলা ও ফাতিমা (সা.আ.)-এর ওপর নির্যাতন
তিনি অরোও বলেন, শিয়া ও সুন্নি উভয় সূত্রে বর্ণিত আছে যে, উমর ইবনে খাত্তাব ও তার সঙ্গীরা হযরত আলী (আ.)-কে বাইয়াতের জন্য ডাকতে গিয়ে ঘরে আগুন ধরানোর হুমকি দেয়। শিয়া রেওয়ায়েত অনুযায়ী, এই হামলায় দরজা ও দেয়ালের মাঝে চাপা পড়ে ফাতিমা জাহরা (সা.আ.) গুরুতর আহত হন, তাঁর গর্ভে থাকা সন্তান মুহসিন (আ.) শহীদ হয়, এবং কুনফুজ নামক ব্যক্তি তাঁর ওপর নির্যাতন চালায়। ইমাম সাদিক (আ.) থেকে বর্ণিত হয়েছে যে, ফাতিমা (সা.আ.)-এর শাহাদাতের কারণ ছিল এই হামলায় প্রাপ্ত আঘাতসমূহ।
মাওলানা মুনির আব্বাস নাজাফী বলেন, এমনকি সুন্নি সূত্রেও এই মর্মে রেওয়ায়েত রয়েছে। মাসউদী, শাহরিস্তানি, ইবনে আবি আল-হাদিদ প্রমুখের বরাতে পাওয়া যায় যে, উমর ফাতিমা (সা.আ.)-কে আঘাত করেছিলেন এবং এর ফলে গর্ভস্থ সন্তান সিকত হয়। আবু বকর নিজেও মৃত্যুর সময় এই তিনটি কাজের জন্য অনুতপ্ত হয়েছিলেন, যার একটি ছিল ফাতিমা (সা.আ.)-এর ঘরে প্রবেশের আদেশ দেওয়া।
তৃতীয়ত: শাহাদাত ও গোপন দাফন
তিনি বলেন, এই আঘাতের পর ফাতিমা (সা.আ.) কিছুদিন অসুস্থ থাকেন এবং শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেন। মৃত্যুর আগে তিনি ওসিয়ত করেন যে, তাঁকে রাতে গোপনে দাফন করতে হবে এবং যারা তাঁর ওপর জুলুম করেছে তারা যেন তাঁর জানাজায় না আসে। এই ওসিয়তই ছিল জালিমদের বিরুদ্ধে তাঁর চিরন্তন প্রতিবাদ। তাঁকে রাতের অন্ধকারে দাফন করা হয়, এমনকি তাঁর কবরের চিহ্নও আজ পর্যন্ত স্পষ্ট নয়।
চতুর্থত: কেন আজ পর্যন্ত বিচার হয়নি?
তিনি আরোও বলেন, হে মুসল্লিগণ! এই প্রশ্নের উত্তর ইতিহাসের পাতায় লুকিয়ে আছে। ফাতিমা (সা.আ.)-এর হত্যাকারীদের বিচার হয়নি, কারণ:
১- ক্ষমতার রাজনীতি: খিলাফতের স্বার্থে এই ঘটনাকে চাপা দেওয়া হয়েছিল। যারা ক্ষমতায় বসেছিলেন, তাদের কেউই নিজেদের বিরুদ্ধে বিচার চালাতে রাজি ছিলেন না।
২- ইতিহাস বিকৃতি: পরবর্তী শাসকরা এই ঘটনার রেওয়ায়েতকারীদের দুর্বল বা ‘রাফিজি’ বলে অভিহিত করে এই ঘটনাকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছেন।
৩- ভয় ও ভীতিপ্রদর্শন: যারা সত্য বলেছিলেন, তাদের ভয় দেখানো হয়েছিল। ইমাম আলী (আ.)-কে ধৈর্য ধরার নির্দেশ দেওয়া হয়েছিল ইসলামের স্বার্থে, নইলে তিনি প্রতিরোধ গড়ে তুলতেন।
কিন্তু হে মুসল্লিগণ! পার্থিব আদালতে বিচার না হলেও, আল্লাহর আদালত কিয়ামত পর্যন্ত বহাল আছে। রাসূল (সা.) বলেছেন: আল্লাহ ফাতিমাকে ভালোবাসেন, যে ফাতিমাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন; আর যে ফাতিমাকে কষ্ট দেয়, আল্লাহ তাকে কষ্ট দেন। এই হাদিসই প্রমাণ করে, ফাতিমা (সা.আ.)-এর ওপর জুলুম ছিল স্বয়ং আল্লাহর কাছে অভিযোগ, যার বিচার অবশ্যই হবে।
আপনার কমেন্ট